নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন এবং অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তিনি উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা থেকে তনু সরকারের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ মিটার এলাকায় নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগের মাধ্যমে পরিচালিত গ্রাম রক্ষা প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজের অগ্রগতি ও গুণগত মান নিয়ে আলোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
পরে গজারিয়া উপজেলা পরিষদ হলরুমে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৩৭টি অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়। এছাড়া তিনি ভবেরচর বাজারে নবনির্মিত কাঁচাবাজার পরিদর্শন করে বাজারের অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজখবর নেন।
পরিদর্শন ও অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদা মোস্তফা, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সবুজ সিকদারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
এ সময় বক্তারা এলাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং চলমান প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।