মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদ’ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

Date: 2026-06-18
news-banner

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙামাটি): 

রাঙামাটির লংগদু উপজেলার পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহেরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অভিযোগ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টায় পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার অফিস কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মাদ্রাসা কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহের।

লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘ ২৮ বছর ধরে তিনি মাদ্রাসার পরিচালনা কমিটির সঙ্গে যুক্ত থেকে দায়িত্ব পালন করে আসছেন। ২০০৪ সাল থেকে ২০২৫ সালের প্রথম দুই মাস পর্যন্ত আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসা ও সংশ্লিষ্ট মসজিদে নিয়মিত অনুদান প্রদান করলেও ২০২৫ সালের মার্চ মাস থেকে মাদ্রাসার অনুদান বন্ধ করে দেয়। তবে মসজিদের অনুদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি দাবি করেন, স্থানীয় একটি মহল ট্রাস্ট কর্তৃপক্ষকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মাদ্রাসার অনুদান বন্ধ করার পেছনে ভূমিকা রেখেছে।

আবু তাহের অভিযোগ করেন, গত ১৫ জুন সন্ধ্যায় আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অতিরিক্ত সম্পাদক শামসুদ্দিন একটি মোবাইল ভিডিও কলে স্থানীয় এক ব্যক্তি দুলালের সঙ্গে কথোপকথনের সময় উপস্থিত কয়েকজনের সামনে দাবি করেন যে, মাদ্রাসা ও মসজিদের অনুদানের অর্থ সভাপতি আবু তাহের আত্মসাৎ করেছেন। তিনি এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “মাদ্রাসা ও মসজিদে প্রাপ্ত সকল অনুদানের আয়-ব্যয়ের হিসাব ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষিত রয়েছে। আমি যদি অনুদানের অর্থ আত্মসাৎ করতাম, তাহলে শিক্ষক ও সংশ্লিষ্টরা অবশ্যই আমার বিরুদ্ধে অভিযোগ তুলতেন।”

এ সময় তিনি অভিযোগ করেন, স্থানীয় দুলালসহ কয়েকজন যুবক তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে আবু তাহের আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অতিরিক্ত সম্পাদক শামসুদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি তাকে হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave Your Comments