শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে সমালোচনার মুখে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে কোচ কার্লো আনচেলত্তি আশাবাদী, আগামীকাল হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দল ঘুরে দাঁড়াবে।
ফিলাডেলফিয়ায় ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “আমরা কিছু পরিবর্তন করব। খেলার মান আরও ভালো করতে চাই। আমরা আরও ভালো করতে পারি এবং সেটা করতেই হবে।”
মরক্কোর বিপক্ষে রাফিনিয়া ও কাসেমিরোরা সেরাটা দিতে না পারায় তাঁদের জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। আনচেলত্তি পরিবর্তনের ইঙ্গিত দিলেও কোন পজিশনে হবে তা স্পষ্ট করেননি। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, হাসতে হাসতে তিনি চার-পাঁচটি পরিবর্তনের কথা বললেও পরে সেটিকে রসিকতা দাবি করেছেন।
বিশ্বকাপে ব্রাজিল সর্বশেষ প্রথম ম্যাচে হেরেছিল ১৯৩৪ সালে। এবার মরক্কোর সঙ্গে ড্রকে অনেকেই হারের সমান মনে করছেন। আনচেলত্তির ব্যাখ্যা, “প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স অপ্রত্যাশিত ছিল। হতে পারে ব্রাজিলের জার্সি গায়ে তোলার চাপ খেলোয়াড়দের মানসিকতায় প্রভাব ফেলেছিল। তবে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না।”
দলের নির্দিষ্ট কোনো কৌশল নেই—এমন সমর্থকদের উদ্বেগের জবাবে আনচেলত্তি বলেন, “আমি দলের কোনো একক পরিচয় চাই না। আমি চাই, আমার দল সব পরিস্থিতিতে সব ধরনের ফুটবল খেলতে পারুক।”
‘সি’ গ্রুপের ব্রাজিল-হাইতি ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে।