নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলায় রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় অজিত বাবু (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া আটটার দিকে যাত্রীছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামপুর থানার উপপরিদর্শক দীপক কুমার পাল জানান, দ্রুতগতির একটি হাইয়েস মাইক্রোবাস অজিত বাবুকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পুলিশ তাঁকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। মাইক্রোবাসসহ চালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।