টিসিবি’র গোডাউনে আগুনে মালামাল পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক:


মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় টিসিবি’র একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে হঠাৎ আগুনে গোডাউনটি পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ী ইসমাইল মোল্লা।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ আগুন দেখা যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই গোডাউনে থাকা চাল, ভোজ্য তেল, ডাল, চিনিসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”