সোনারগাঁয়ে বাড়িতে ঢুকে নারীর শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগ

Date: 2026-06-20
news-banner

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় পূর্ব বিরোধের জেরে এক পরিবারের সদস্যদের ওপর হামলা, নারীকে শ্লীলতাহানির চেষ্টা, স্বর্ণালংকার ছিনতাই এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত নারী, শিশু ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল বাছেদ (৫৫) গত বৃহস্পতিবার (৪ জুন) সোনারগাঁ থানায় আনোয়ার হোসেন (৫৫), নূরজাহান (৪০), পারুল (৫৮), মাসুম (৪০), আব্দুর রাজ্জাক (৫৫) ও জিয়াসমিন (৪৫)-এর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ জুন রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ছোট সাদিপুর এলাকায় আব্দুল বাছেদের বাড়ির সামনে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় আব্দুল বাছেদের স্ত্রীর বড় বোন শাহানাজ আক্তার (৪০) প্রতিবাদ করলে তাকে দেশীয় অস্ত্র, কাঠের লাঠি ও এসএস পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

শাহানাজ আক্তারের চিৎকার শুনে রিনা আক্তার (৩৮) ও তার ছেলে রাফি (১৪) এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে তারাও আহত হন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে রিনা আক্তার মাটিতে পড়ে গেলে অভিযুক্ত মাসুম তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে এবং বুকের ওপর চাপ প্রয়োগ করে। এ সময় রাফি বাধা দিলে আনোয়ার হোসেন এসএস পাইপ দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করেন। আত্মরক্ষার্থে হাত দিয়ে আঘাত ঠেকাতে গেলে তার বাম হাত গুরুতর জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া পারুল রিনা আক্তারের গলায় থাকা প্রায় দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা, ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। একইভাবে নূরজাহান শাহানাজ আক্তারের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন, যার মূল্য প্রায় ২ লাখ টাকা, ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, আনোয়ার হোসেন ও আব্দুর রাজ্জাক শাহানাজ আক্তারকে মাটিতে ফেলে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করার আগে আইনের আশ্রয় নিলে পুরো পরিবারকে প্রাণে হত্যা করার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ভুক্তভোগী আব্দুল বাছেদ বলেন,
"আমার স্ত্রী, শ্যালিকা ও ছেলেকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। নারীর শ্লীলতাহানির চেষ্টা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের মতো গুরুতর ঘটনা ঘটেছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর আগেও চুরি, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলমান রয়েছে বলে তারা দাবি করেন।
পরিবারটির আরও অভিযোগ, পূর্বের মামলাগুলোর কারণে অভিযুক্তরা তাদের প্রতি ক্ষুব্ধ ছিল এবং দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। তাদের দাবি, চলমান বিরোধের জের ধরেই সর্বশেষ হামলার ঘটনাটি ঘটানো হয়েছে।
এছাড়া স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অভিযুক্ত নূরজাহানের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডসহ বিভিন্ন অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। 
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন,
এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave Your Comments