গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগ, যুবক আহত।

Date: 2026-06-22
news-banner

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের গজারিয়ায়  পূর্ব শত্রুতার জেরে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত যুবকের নাম সাব্বির (২১)। তিনি উপজেলার আনারপুরা গ্রামের বাসিন্দা এবং একটি যাত্রীবাহী গাড়িতে কন্ট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের উত্তর শাহপুর এলাকার কাজী ফার্মের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাব্বিরের বোন আসমা আক্তার জানান, সোমবার সকালে  মাসুদ নামের একজন তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে উত্তর শাহপুর এলাকায় নিয়ে তাকে এসএস পাইপ দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। হামলাকারীরা তাকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে ভাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

সাব্বিরের পরিবার  সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ঢাকা থেকে গজারিয়া ফেরার পথে একটি যাত্রীবাহী গাড়িতে ভাড়া নিয়ে সাব্বির ও রনি মোল্লার মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। ওই ঘটনার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে পরিবারের  ধারণা।

আহতের পরিবারের অভিযোগ, রনি মোল্লা, জামাল মোল্লা, রিদয় রানা মোল্লা, মাসুদসহ ১২ থেকে ১৩ জনের একটি দল পরিকল্পিতভাবে সাব্বিরের ওপর হামলা চালায়। হামলাকারীরা এসএস পাইপ দিয়ে বেধড়ক মারধর করে তাকে গুরুতর আহত করে।

এ বিষয়ে অভিযুক্ত রনি মোল্লা বলেন, “ঢাকা থেকে আসার পথে একটি মহিলা যাত্রীকে কেন্দ্র করে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। ওই ঘটনায় সাব্বিরের সঙ্গে আমার তর্ক হলে সে আমাকে আমার ষ্টানে না নামিয়ে তাদের এলাকায় নিয়ে আরও লোকজন নিয়ে আমাকে মারধোর করে আমার হাতে পায়ে ও চোখের নিচে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ।  সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের ঘটনা ঘটে থাকতে পারে,  তবে আজকের  ঘটনায় আমি জড়িত নই।

এবিষয়ে গজারিয়া থানার এস আই কামরুজ্জামান  বলেন মারামারির সত্যতা পেয়েছি  আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Leave Your Comments