বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, বিদ্যুৎ উৎপাদনে বিসিসি–বায়োলটেকের সমঝোতা

Date: 2026-06-23
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশালঃ 

নগরীর বর্জ্যকে সম্পদে রূপান্তর করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। এ লক্ষ্যে সোমবার বিকেলে কোরীয় প্রতিষ্ঠান বায়োলটেকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে সংস্থাটি।

নগর ভবনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের উপস্থিতিতে বরিশাল সিটি করপোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী এবং বায়োলটেকের পক্ষে প্রতিষ্ঠানটির সিইও রিউ সাঙ হুন চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বরিশাল নগরীতে প্রতিদিন উৎপাদিত বিপুল পরিমাণ বর্জ্য আর যত্রতত্র ফেলা হবে না। আধুনিক ইনসিনারেশন প্রযুক্তির মাধ্যমে এসব বর্জ্য প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। উৎপাদিত বিদ্যুৎ স্থানীয় বাজারে বিক্রির মাধ্যমে সিটি করপোরেশনের নিজস্ব আয় বৃদ্ধি পাবে। একই সঙ্গে দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার টেকসই সমাধান নিশ্চিত হবে।

বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দীন রোমেল জানান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এই চুক্তি একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি বলেন, বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নগরবাসীর প্রতি দেওয়া অন্যতম প্রতিশ্রুতি ছিল বর্জ্য সমস্যার আধুনিক সমাধান নিশ্চিত করা। চুক্তি অনুযায়ী শিগগিরই প্রকল্পের কার্যক্রম শুরু হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বায়োলটেক কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments