৫৫ বছরেও সাংবাদিক সমাজে কেন নেই কাঙ্ক্ষিত ঐক্য?

Date: 2026-06-24
news-banner

রিপোর্টার: জাকির সিকদার: 


সাংবাদিক সমাজের মধ্যে দীর্ঘদিন ধরেই ঐক্যের অভাব নিয়ে আলোচনা চলে আসছে। স্বাধীনতার ৫৫ বছর পরও সাংবাদিকদের মধ্যে শক্তিশালী ও স্থায়ী ঐক্য গড়ে না ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেক গণমাধ্যমকর্মী।

সাংবাদিকদের মতে, সত্য ও ন্যায়ের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে হলে পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সংহতি এবং ঐক্য অত্যন্ত জরুরি। কিন্তু বাস্তবে নানা কারণে সেই ঐক্য বারবার বাধাগ্রস্ত হচ্ছে।

সাংবাদিক মহলের পর্যবেক্ষণ অনুযায়ী, রাজনৈতিক বিভাজন, ব্যক্তিস্বার্থ, নেতৃত্বের দ্বন্দ্ব, মালিকপক্ষের প্রভাব এবং দুর্বল পেশাগত সংগঠন সাংবাদিকদের মধ্যে বিভক্তির অন্যতম কারণ। অনেক ক্ষেত্রে পেশাগত স্বার্থের চেয়ে ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থ প্রাধান্য পাওয়ায় স্থায়ী ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রভাব এবং দলীয় অবস্থানের কারণে সাংবাদিক সমাজের ভেতরে গ্রুপিং বা বিভাজন তৈরি হয় বলেও অনেকে মনে করেন। ফলে পেশাগত নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের সম্মিলিত অবস্থান দুর্বল হয়ে পড়ে।

এ বিষয়ে বার্তা বিচিত্রার রিপোর্টার জাকির সিকদার বলেন, “সাংবাদিকদের মধ্যে ঐক্য সময়ের দাবি। একজন সংবাদকর্মী বিপদে পড়লে অন্যদের পাশে দাঁড়াতে হবে। মতভেদ থাকলেও পেশাগত স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যই পারে সাংবাদিকতার শক্তিকে আরও সুদৃঢ় করতে।”

তিনি সাংবাদিক সমাজের বৃহত্তর স্বার্থে সকল সংবাদকর্মীকে পারস্পরিক সহযোগিতা ও সংহতির ভিত্তিতে কাজ করার আহ্বান জানান।

Leave Your Comments