দেশি-বিদেশি বিনিয়োগের ধারাবাহিক প্রবাহ অব্যাহত থাকলে বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম সফরকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং বিভিন্ন ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ বাংলাদেশে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, “বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে, যাতে সেই সম্ভাবনাগুলো কার্যকরভাবে কাজে লাগানো যায়।”
চট্টগ্রামকে একটি লজিস্টিক্যাল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চলে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। “চট্টগ্রামে সমুদ্রবন্দরসহ ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। এসব বিবেচনায় সরকারের পরিকল্পনায় নানা প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে,” বলেন তিনি।
অর্থমন্ত্রী আরও জানান, আনোয়ারায় নদীর ওপারে প্রায় ৬০০ একর জমিতে একটি ফ্রি জোন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রামে একাধিক বন্দর নির্মাণ, বিমানবন্দরকে কার্গো ও প্যাসেঞ্জার হাব হিসেবে উন্নয়ন এবং একটি চাইনিজ ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম অংশের উন্নয়নের মাধ্যমে ট্রেন যাত্রার সময় প্রায় দুই ঘণ্টা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামকেন্দ্রিক অর্থনৈতিক করিডর একটি শক্তিশালী লজিস্টিক্যাল হাবে পরিণত হবে এবং বন্দরগুলোর কার্যক্ষমতা বাড়বে। একই সঙ্গে মাতারবাড়ী কেন্দ্রিক বড় ধরনের উন্নয়ন কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।
দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “এত বড় বাজেট বাস্তবায়ন একটি চ্যালেঞ্জিং কাজ। বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, যার ওপর মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবও রয়েছে। প্রথমে অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে, এরপর সম্ভাবনার খাতগুলোকে কাজে লাগাতে হবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের তৃতীয় ও চতুর্থ বছর থেকে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে এবং বাংলাদেশ ধীরে ধীরে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ আজিজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।