বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি আসে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। বেশিরভাগ সময় খেলা হয়েছে প্যারাগুয়ের বক্সের আশপাশে। তবে দখল ধরে রাখলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় ফরাসিরা। প্যারাগুয়ের রক্ষণভাগ ছিল সংগঠিত ও দৃঢ়।
অন্যদিকে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে প্যারাগুয়েও। কিন্তু ফ্রান্সের রক্ষণভাগ ভেদ করে কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি লাতিন আমেরিকার দলটি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় ফ্রান্স। একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা মিলছিল না। ম্যাচের ৭০তম মিনিটে গুরুত্বপূর্ণ মোড় নেয় খেলা। বক্সের ভেতর ড্রিবল করে ঢুকে পড়া ফরাসি খেলোয়াড়কে ফাউল করলে প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি। পরে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন তিনি।
স্পট কিক থেকে নিখুঁত শটে জাল খুঁজে নেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ৭-এ উন্নীত করেন তিনি, যা লিওনেল মেসির সমান।
গোল হজমের পর আক্রমণে ফেরার চেষ্টা করে প্যারাগুয়ে। তবে শেষ পর্যন্ত ফ্রান্সের রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় তারা। ফলে ১-০ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফরাসিরা।
আগামী শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ আটের ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে এমবাপ্পের দল।