ক্রীড়া প্রতিবেদক :
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরির ধাক্কায় বিপর্যস্ত ব্রাজিল। এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে তারা, যাদের বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রোববার (৫ জুলাই) শেষ আটে ওঠার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে মিডফিল্ডার লুকাস পাকেতার ইনজুরি। রাউন্ড অব ৩২–এ জাপানের বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পেয়ে ছিটকে গেছেন তিনি। তার এই চোটের কারণে বিশ্বকাপের বাকি অংশে ফেরার সম্ভাবনাও ক্ষীণ।
এ অবস্থায় নতুন করে দল সাজানোর পরিকল্পনা করছেন কোচ কার্লো আনচেলত্তি। সাম্প্রতিক অনুশীলনে তিনি গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে শুরুর একাদশে খেলিয়েছেন, যা থেকে ধারণা করা হচ্ছে—নরওয়ের বিপক্ষে পাকেতার জায়গায় এই আর্সেনাল ফরোয়ার্ডই খেলতে পারেন।
যদিও মার্টিনেল্লি মূলত আক্রমণভাগের খেলোয়াড়, তবে ম্যাচে বলের দখল থাকলে তিনি বাঁ পাশ ও মাঝমাঠের মাঝামাঝি কিছুটা নিচে নেমে খেলবেন বলে ধারণা করা হচ্ছে।
পাকেতার বিকল্প হিসেবে দানিলো সান্তোসকেও বিবেচনায় রাখা হয়েছে। তবে সাম্প্রতিক অনুশীলনে বেশিরভাগ সময়ই মার্টিনেল্লিকেই প্রথম একাদশে দেখা গেছে। ম্যাচের চূড়ান্ত একাদশ অবশ্য কিক-অফের কয়েক ঘণ্টা আগে টিম মিটিংয়ে জানানো হবে।
এদিকে, ব্রাজিলের জন্য স্বস্তির খবর—ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রাফিনিয়া। বার্সেলোনার এই ফরোয়ার্ড ধীরে ধীরে পূর্ণ ফিটনেস ফিরে পাচ্ছেন। তবে নরওয়ের বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা এখনো অনিশ্চিত। দলটির মেডিকেল বিভাগ তাকে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত রাখার চেষ্টা করছে।
নিউ ইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
সম্ভাব্য একাদশ (ব্রাজিল):
অ্যালিসন; দানিলো, মার্কুইনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গিমারেইস; রায়ান, মাতেউস কুনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং ভিনিসিউস জুনিয়র।