ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন দুটোই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Date: 2026-07-05
news-banner

ফরিদপুর প্রতিনিধি :


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফরিদপুরবাসীর উন্নয়নের জন্য সবচেয়ে জরুরি হলো ফরিদপুরকে বিভাগ ঘোষণা এবং পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা। তিনি জানান, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন এবং তা বাস্তবায়নে সরকার কাজ করছে।


শনিবার (৪ জুলাই) বিকেলে ফরিদপুর শহরের থানা রোডের ব্যাংক এশিয়া মোড়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতায় ফরিদপুর বিভাগ হবে এবং সিটি করপোরেশনও হবে।”


তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে এবং প্রধানমন্ত্রী এর অনুমোদন দিয়েছেন। দেশের পানির সমস্যা সমাধানে পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও বাস্তবায়ন করা হবে।


নিজ নির্বাচনী এলাকা সালথা ও নগরকান্দার কৃষকদের দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, পেঁয়াজের ন্যায্যমূল্য না পেয়ে অনেক কৃষক উৎপাদিত পণ্য ফেলে দিতে বাধ্য হচ্ছেন। এ সমস্যা সমাধানে পেঁয়াজ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।


জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, ফরিদপুর একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে হওয়ায় এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রয়োজন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে এবং দ্রুতই তা বাস্তবায়ন করা হবে।

Leave Your Comments