তিন পক্ষের চার সন্তানের উপস্থিতিতে তৃতীয়বারের মতো বিয়ে করলেন আমির খান

Date: 2026-07-05
news-banner

বিনোদন ডেস্ক

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে খ্যাত অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিনের পরিচিত ও ঘনিষ্ঠ সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে রবিবার (৫ জুলাই) মুম্বইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে তাঁদের আইনি বিয়ে সম্পন্ন হয়েছে।


পূর্বপরিকল্পনা অনুযায়ী সকাল থেকেই শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। টানা বর্ষণ সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত হন পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বলিউডের ঘনিষ্ঠজনেরা। জানা গেছে, প্রায় ১৫০ জন অতিথি এই বিয়ের আয়োজনে অংশ নেন। বিশেষভাবে আলোচিত বিষয় ছিল—আমিরের আগের দুই সংসারের তিন সন্তান এবং গৌরীর এক পুত্রসন্তানের উপস্থিতি, যা এই বিয়েকে দিয়েছে এক ভিন্ন মাত্রা।


বিয়ের আগের দিন শনিবার থেকেই বান্দ্রার বাসভবনে সাজসজ্জার কাজ শুরু হয়। প্রবল বৃষ্টির মধ্যেও কর্মীদের ফুল ও আলোকসজ্জা দিয়ে বাড়ি সাজাতে দেখা যায়। পারিবারিক পরিবেশেই সম্পন্ন হয় পুরো আয়োজন।


যদিও এখনো পর্যন্ত আমির খান বা গৌরী স্প্র্যাট আনুষ্ঠানিকভাবে বিয়ের কোনো ঘোষণা দেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাঁদের আইনি প্রক্রিয়ায় বিয়ে সম্পন্ন করতে দেখা গেছে। ছবিতে দেখা যায়, বিয়ের নথিতে স্বাক্ষর করছেন আমির ও গৌরী। তাঁদের মাঝখানে গৌরীর পুত্রসন্তান দাঁড়িয়ে আছে। আমিরের পরনে ছিল সাদা কুর্তা, আর গৌরী পরেছিলেন বেজ রঙের ফুলহাতা পোশাক, সঙ্গে মানানসই গয়না।


এদিন আমিরের ছেলে আজাদকেও অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে। পরিবারের সদস্যদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও আবেগঘন করে তোলে।

উল্লেখ্য, গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির খানের পরিচয় প্রায় ২৫ বছরের। তবে গত দুই বছর ধরে তাঁদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। শোনা যায়, বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে আমিরের বোনের মাধ্যমে তাঁদের সম্পর্ক নতুন মোড় নেয়। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে আলোচনা চলছিল।


প্রথমদিকে বিয়ে নিয়ে অনীহা প্রকাশ করলেও শেষ পর্যন্ত সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিলেন এই বলিউড তারকা। তাঁর এই নতুন জীবনের সূচনা ভক্তদের মধ্যেও কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে।

Leave Your Comments