আবু জাফর বিশ্বাস, বরিশালঃ
বরিশালে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারকে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। গত ২৭ জুন সন্ধ্যায় নগরীর সদর রোডে অবস্থিত অগ্রণী হাউজিংয়ের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজ শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদার জানান, একসময় অগ্রণী হাউজিংয়ের ব্যবসায়িক অংশীদার ছিলেন মোস্তাফিজুর রহমান লিটু। বিনিয়োগের বিপরীতে তিনি জমি বুঝে নিয়ে বিক্রিও করেছেন এবং প্রতিষ্ঠানের কাছে আর কোনো পাওনা নেই—এ মর্মে অঙ্গীকারনামাও দিয়েছেন। এরপরও দীর্ঘদিন ধরে লিটু তার কাছে এক কোটি টাকা দাবি করে আসছিলেন।
তার অভিযোগ, ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিটুসহ কয়েকজন তার কার্যালয়ে প্রবেশ করে তাকে মারধর করেন। একপর্যায়ে শারীরিকভাবে নির্যাতন করে ৭০ লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক এবং দুটি সাদা স্ট্যাম্পে জোরপূর্বক তার স্বাক্ষর নেওয়া হয়। পরে ওই চেক ও স্ট্যাম্প নিজেদের কাছে নেওয়ার পর ছবি তোলা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি কক্ষে ঢুকে আব্দুল আজিজকে মারধর করছেন। তিনি সাহায্যের জন্য চিৎকার করলে একজন ব্যক্তি কক্ষে প্রবেশের চেষ্টা করেন। তবে উপস্থিত অন্যরা তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেন। এরপর চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার দৃশ্যও ফুটেজে দেখা যায়।
আব্দুল আজিজ বলেন, ঘটনার পরপরই তিনি সংশ্লিষ্ট ব্যাংকে লিখিতভাবে আপত্তি জানানোয় অভিযুক্তরা চেকের অর্থ উত্তোলন করতে পারেননি। পরে গত বৃহস্পতিবার তিনি আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। তিনি জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ তিনিই শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
অভিযোগের বিষয়ে মোস্তাফিজুর রহমান লিটু বলেন, ঘটনাস্থলে উপস্থিত সবাই প্রতিষ্ঠানের পরিচালক। তার দাবি, আব্দুল আজিজ পরিচালকদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এ বিষয়ে পরিচালকরা শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরবেন।
এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুর বাড়ি বরিশাল নগরীর কাটপট্টি সড়ক এলাকায়। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার বড় ভাই মাহবুবুর রহমান পিন্টু মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম বলেন, ভুক্তভোগী শনিবার রাতে থানায় এসে আদালতে মামলা করার বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। আদালতের আদেশ থানায় পৌঁছানোর পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।