তেহরানে খামেনির শোকযাত্রা, জনসমুদ্রে রাজপথ

Date: 2026-07-06
news-banner

ইরানের ইসলামি বিপ্লবের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষযাত্রাকে কেন্দ্র করে রাজধানী তেহরানের রাজপথে লাখো শোকাহত মানুষের ঢল নেমেছে।

সোমবার (৬ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোকযাত্রা শুরু হয়। গত দুই দিন ধরে সেখানে খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল।


ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০ থেকে ১২ ঘণ্টাব্যাপী এই শোকযাত্রা ১০ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করবে। শোকযাত্রার রুটে রয়েছে দামাভান্দ স্ট্রিট, ইমাম হোসেইন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি (ফ্রিডম) স্ট্রিট এবং মেহরাবাদ বিমানবন্দরের নিকটবর্তী শহীদ লাশগারি মহাসড়ক।


এর আগে রোববার খামেনিসহ তার পরিবারের কয়েকজন সদস্যের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী। জানাজায় অংশ নেন খামেনির জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, কন্যা জাহরা হাদ্দাদ-আদেল, নাতনি জাহরা মোহাম্মাদি-গোলপায়েগানি এবং সাইয়্যেদেহ বুশরা হোসেইনি-খামেনি।


গত শুক্রবার রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান, তুরস্ক ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাসহ আন্তর্জাতিক প্রতিনিধিরা তেহরানে এসে খামেনির প্রতি শ্রদ্ধা জানান।

শোকানুষ্ঠানের পরবর্তী ধাপ মঙ্গলবার ইরানের পবিত্র নগরী কোমে অনুষ্ঠিত হবে। এরপর বুধবার ইরাকের নাজাফে ইমাম আলী (আ.)-এর মাজার এবং কারবালায় ইমাম হোসেইন (আ.) ও হজরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজারে শোকযাত্রা অনুষ্ঠিত হবে।

সবশেষে, খামেনির ইচ্ছা অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

Leave Your Comments