আবু জাফর বিশ্বাস, বরিশালঃ
বরিশালের মেহেন্দীগঞ্জে ছাত্রলীগের কর্মী মাহাবুব আলম বাবু হত্যা মামলার এজাহারভুক্ত তিন নেতাকে কৃষক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৪ জুলাই মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহীন সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাল, যুগ্ম সম্পাদক বজলু বয়াতী এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল হাওলাদার। তাঁদের মধ্যে জাহাঙ্গীর মাল বর্তমানে কারাগারে রয়েছেন। অপর দুই নেতা বজলু বয়াতী ও সাইফুল হাওলাদার পলাতক বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুন সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে মাহাবুব আলম বাবুর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় শহীদ পোদ্দার, জাহাঙ্গীর মাল, বজলু বয়াতী, সাইফুল হাওলাদার, নয়ন পোদ্দারসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
গুরুতর আহত বাবুকে প্রথমে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় একই রাতে ঢাকায় স্থানান্তর করা হয়। পরদিন সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর ২৫ জুন নয়ন পোদ্দারকে এবং ২৭ জুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে জাহাঙ্গীর মালকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।