বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেছেন, ‘সারাদেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম।’
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ৪ আগস্ট ছাত্রলীগকে বিতাড়নের ক্ষেত্রে যাত্রাবাড়ী, শাহবাগসহ বিভিন্ন স্থানে ছাত্রদল, যুবদল ও বিএনপি অগ্রভাগে ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বড় ভাই আবু হোসেন তার ভাইয়ের হত্যার রায় দ্রুত কার্যকরের দাবি জানান। একই সঙ্গে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ এবং উত্তরাঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
আবু হোসেন বলেন, তার ছোট ভাই আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাকে গুলি করে হত্যার ঘটনা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং তার আত্মত্যাগ মানুষকে আন্দোলনে নামতে অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটলেও এ আন্দোলনে বহু পরিবার তাদের স্বজন হারিয়েছে এবং অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।