দুই জনের বয়সের ব্যবধান ২৩ বছর। একদিকে ৪১ বছর বয়সেও গোলের ক্ষুধা না হারানো ক্রিশ্চিয়ানো রোনালদো, অন্যদিকে ১৮ বছরের বিস্ময়বালক লামিন ইয়ামাল। সোমবার (আজ) ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও স্পেন। তবে ম্যাচটি শুধু দুই দলের লড়াই নয়, এটি যেন দুই প্রজন্ম, দুই যুগ এবং দুই ভিন্ন ফুটবল দর্শনের মুখোমুখি হওয়া।
রোনালদো যখন ২০০৬ সালে নিজের প্রথম বিশ্বকাপ খেলেন, তখন ইয়ামালের জন্মই হয়নি। এরপর দীর্ঘ ক্যারিয়ারে পাঁচটি ব্যালন ডি’অরসহ অসংখ্য শিরোপা জিতেছেন পর্তুগিজ এই মহাতারকা। অন্যদিকে, সেই ইয়ামালই এখন বিশ্বকাপের নকআউট পর্বে দাঁড়িয়ে রোনালদোর প্রতিপক্ষ।
সম্ভাব্য এই লড়াই নিয়ে ইয়ামাল বলেন, রোনালদোর মতো কিংবদন্তির বিপক্ষে খেলাটা তার জন্য সম্মানের। তবে প্রতিপক্ষ যেই হোক, দলের জয়ের দিকেই মনোযোগ তার।
দুজনের একমাত্র দেখা হয়েছিল ২০২৫ সালের উয়েফা নেশনস লিগের ফাইনালে। সে ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ সমতা থাকার পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয় পায় পর্তুগাল। সেই হারের স্মৃতি এবার বিশ্বকাপের মঞ্চে বদলে দিতে মুখিয়ে স্পেন।
চলতি বিশ্বকাপেও দুই তারকা নিজেদের ছাপ রেখেছেন ভিন্নভাবে। টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েছেন রোনালদো, যা তাকে ইতিহাসের অনন্য উচ্চতায় নিয়ে গেছে। অন্যদিকে ইয়ামাল তার ড্রিবলিং দক্ষতায় নজর কেড়েছেন ফুটবল বিশ্বে। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ম্যাচে গড়ে ১২টি সফল ড্রিবল সম্পন্ন করছেন তিনি—যা বিশ্বকাপ ইতিহাসে বিরল।
মাত্র ১৮ বছর বয়সেই বড় টুর্নামেন্টে ১০টি জয় পাওয়ার রেকর্ড গড়ে কিলিয়ান এমবাপের কীর্তিও ভেঙেছেন ইয়ামাল। তবে মেসি-রোনালদোর সঙ্গে তুলনায় নিজেকে জড়াতে চান না এই তরুণ। তার ভাষায়, তিনি নিজের মতো করেই পথ তৈরি করতে চান।
ইয়ামালের প্রশংসা করেছেন রোনালদোও। তিনি বলেন, এই তরুণের ভবিষ্যৎ উজ্জ্বল এবং তাকে চাপমুক্তভাবে খেলতে দেওয়া উচিত।
এ ম্যাচকে ঘিরে আলোচনার আরেকটি বড় কারণ রোনালদোর ভবিষ্যৎ। স্পেন ম্যাচের আগেই তিনি নিশ্চিত করেছেন, এটিই তার শেষ বিশ্বকাপ। তাই বিদায়ের আগে স্মরণীয় কিছু করে যেতে মরিয়া পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তি।
তবে লড়াই শুধু দুই তারকায় সীমাবদ্ধ নয়। স্পেনের মিকেল ওয়ারসাবাল ও পর্তুগালের গনসালো রামোসও আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মাঝমাঠেও দুই দলের শক্তি সমান হওয়ায় ম্যাচটি হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি।
স্পেন ও পর্তুগালের এই লড়াই ‘আইবেরিয়ান ডার্বি’ নামে পরিচিত। তবে ডালাসের এই ম্যাচে সব আলো কাড়বে দুই প্রজন্মের দুই তারকা—একদিকে বিদায়ের দ্বারপ্রান্তে রোনালদো, অন্যদিকে ভবিষ্যতের স্বপ্ন হয়ে ওঠা ইয়ামাল।