আগের সরকারের ভুল নীতির কারণে দেশের বিদ্যুৎ খাত সংকটে নিমজ্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (৬ জুলাই) রাজধানীর বিদ্যুৎ ভবনে চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সরকার পরনির্ভরশীলতা কমাতে কাজ করছে এবং নবায়নযোগ্য জ্বালানির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের মেয়াদ শেষে নবায়নযোগ্য জ্বালানি থেকে অন্তত ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন সম্ভব হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন কারণে ঢাকার গুরুত্ব বেশি হলেও শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ সেবায় বৈষম্য কমিয়ে আনার জন্য সরকার কাজ করছে। সব ক্ষেত্রে বৈষম্য দূর করা সম্ভব না হলেও এ বিষয়ে সংশ্লিষ্টরা সচেষ্ট রয়েছে।
এদিকে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত যেসব চুক্তিতে রাষ্ট্রের স্বার্থ যথাযথভাবে রক্ষিত হয়নি, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।