নবম পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পথে সরকার

Date: 2026-07-07
news-banner

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের লক্ষ্যে গঠিত পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত হতে পারে। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির শেষ বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।


সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের লক্ষ্যে গত ২১ এপ্রিল ১০ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত হয় এ কমিটির শেষ বৈঠক।

এর আগে অষ্টম বেতন কমিশনের প্রায় ১২ বছর পর ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।


 এক দফা সময় বাড়ানোর পর চলতি বছরের ২১ জানুয়ারি কমিশনটি তাদের প্রতিবেদন জমা দেয় তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে। কমিশনের প্রধান ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

কমিশনের সুপারিশ বাস্তবায়নের দায়িত্বে থাকা নাসিমুল গনি নেতৃত্বাধীন কমিটি প্রস্তাব দিয়েছে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের। প্রথমে তিন অর্থবছরে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও পরে তা দুই অর্থবছরে নামিয়ে আনা হয়।


সর্বশেষ বৈঠকে কমিটির সদস্যরা মত দিয়েছেন—চলতি অর্থবছর থেকেই মূল বেতন কার্যকর করা এবং পরবর্তী অর্থবছরে ভাতা চালুর পক্ষে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে।

কমিটির একটি সূত্র জানিয়েছে, মূল সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং বিচার বিভাগের বেতনসংক্রান্ত কিছু কারিগরি বিষয়ও সমাধান করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে ভাতা কার্যকর হতে পারে।


মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এরপর জারি করা হবে প্রজ্ঞাপন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থমন্ত্রীর সম্মতি পেলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় তোলা হবে। এটি আগামী বৈঠকেই উঠতে পারে, নতুবা পরবর্তী বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

Leave Your Comments