মতলব উত্তরে মুরগির খামারের ঝোপ থেকে ২টি শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

Date: 2026-07-07
news-banner

প্রতিবেদক, চাঁদপুর:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকায় একটি মুরগির খামারের ঝোপ থেকে দুটি দেশীয় তৈরি শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১।

রবিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।


র‍্যাব সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহল চলাকালে তারা খবর পায় যে, মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকার একটি মুরগির খামারের ঝোপে একটি সন্দেহজনক প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সেখানে তল্লাশি চালানো হয়।


তল্লাশির একপর্যায়ে ব্যাগটির ভেতর থেকে দুটি দেশীয় তৈরি শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে জব্দতালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অস্ত্রগুলোর উৎস এবং কারা এগুলো সেখানে রেখে গেছে, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave Your Comments