রাবিতে রাকসু নির্বাচন, বাসের রুট বৃদ্ধিসহ ১৪ দফা দাবি নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হচ্ছে

Date: 2022-11-02
news-banner



সাজ্জাদ হুসাইন, রাবি প্রতিনিধি:

রাজশাহী ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন (রাকসু)  বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, প্রতিভা বিকাশ, গণতান্ত্রিক ও রাজনৈতিক চর্চার জন্য শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত একটি কমিটি।
বিগত ৩২ বছর ধরে বন্ধ রয়েছে রাকসু নির্বাচন! রাকসু নির্বাচনের দাবি নিয়ে ছাত্ররা  বারবারই নানান আন্দোলন ও বিক্ষোভ করে আসছে, তারই ধারাবাহিকতায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে  "রাকসু আন্দোলন মঞ্চ" 
তারা ১৪ দফা দাবি নিয়ে তাদের কর্মসূচি পালন করছে।
তাদের দাবিগুলো নিম্নরূপ:

১. অবিলম্বে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য রাকসু এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নিশ্চিত করে পূর্ণাঙ্গভাবে সিনেট কার্যকর করতে হবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ডিন, সিন্ডিকেট, সিনেট সহ অন্যান্য নির্বাচনের মত নিয়ম তান্ত্রিক পন্থায় রাকসু এবং হল সংসদ নির্বাচনকে নিয়মিতকরণ এবং নির্বাচনের তারিখ বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করে নির্ধারিত সময় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

২. শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে প্রয়োজনীয় আবাসিক হল নির্মাণ করতে হবে। বৈধ প্রক্রিয়ার মেধার ভিত্তিতে সিট বরাদ্দের ব্যবস্থা করতে হবে এবং প্রতিটি হলে সিট সংক্রান্ত বিষয়াবলী অনলাইনে হালনাগাদ করতে হবে।

৩. আবাসিক হলে সকল ধরনের রাজনৈতিক ব্লকের নামে দখলদারিত্ব নিষিদ্ধ করতে হবে। ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের নিজ নিজ কক্ষে নিরাপদে অবস্থান এবং পড়ালেখার পরিবেশ নিশ্চিত করতে হবে।

৪. প্রতিটি আবাসিক হলে ডাইনিং এবং ক্যান্টিন সমূহে খাবারের পুষ্টিগুণ নিশ্চিত করে খাবারের মান বৃদ্ধি করতে হবে, এবং খাবারের মূল্য কমিয়ে পর্যাপ্ত পরিমাণে ভর্তুকির ব্যবস্থা নিশ্চিত করতে হবে

৫. কেন্দ্রীয় গ্রন্থাগার সপ্তাহে সাত দিন এবং সার্বক্ষণিক খোলা রাখতে হবে। শিক্ষার্থীদের পাঠ কক্ষের সংকট নিরসনপূর্বক পর্যাপ্ত বই এবং গ্রন্থাগারে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এসির ব্যবস্থা করতে হবে।

৬. ক্যাম্পাসের বাইরে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে অংশগ্রহণ, লাইব্রেরী ওয়ার্ক, কো-কারিকুলাম ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডকে গতিশীল করতে যাতায়াতের জন্য রুট বৃদ্ধিসহ পরিবহন দপ্তরে পর্যাপ্ত সংখ্যক বাস সংযুক্ত করতে হবে।

৭. বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক চিকিৎসকের অবস্থান, প্রয়োজনীয় মাত্রায় উন্নতমানের ওষুধ সংরক্ষণ, রোগ নির্ণয়ন, সর্বাধুনিক পরীক্ষণ যন্ত্রপাতি, ব্যবস্থাপত্র ও চিকিৎসা সেবার সুব্যবস্থা রাখতে হবে।

৮. বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দকৃত বাজেট বৃদ্ধি এবং উন্নত মানের গবেষণার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সম্মানিসহ গবেষণা সহকারী হিসেবে শিক্ষার্থীদের কাজ করার সুযোগ সৃষ্টি করতে হবে।

৯. পূর্ণাঙ্গ টিএসসিসি নির্মাণ করতে হবে এবং নিয়মিত সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার গতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে।

১০. হল, প্রশাসন এবং বিভাগসমূহের নামে বেনামে আদায়কৃত সকল ধরনের অযৌক্তিক ফি বাতিল করতে হবে। শিক্ষাসনদ ও নম্বর পত্র উত্তোলন এবং সংশোধন বিরম্বনা নিরাসনে সকল কার্যক্রম অনলাইনে আওতায় আনতে হবে।

১১. ক্যাম্পাসে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করতে হবে।

১২. ক্যাম্পাসের চুরি, ছিনতাই, শিক্ষার্থী নির্যাতন এবং যৌন হয়রানি বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ছাত্রী হল সমূহের সান্ধ্য আইন বাতিল করতে হবে। বিভাগসমূহের চলমান বাণিজ্যিক সান্ধ্যকোর্স বাতিল করতে হবে।

১৩. বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার উত্তরপত্রে রোল নাম্বার এবং পরিবর্তে মাধ্যমিক পরীক্ষার মত কোড সিস্টেম চালু করে উত্তর পত্র মূল্যায়নের ব্যবস্থা করতে হবে।

১৪. বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চলমান পোষ্যকোটা বাতিল করতে হবে।

Leave Your Comments