প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬
সময়: ১২:৩৩ পিএম
মিজমিজি হাজী আঃ সামাদ ইসলামিয়া আলিম মাদরাসায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ শাহাবুদ্দিন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত মিজমিজি হাজী আঃ সামাদ ইসলামিয়া আলিম মাদরাসায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মোঃ ফরিদ আহমেদ আকন, গভর্নিং বডির সদস্য মোহাম্মদ পেয়ার আলী, মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন।
অনুষ্ঠানের শুরুতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা গণতন্ত্র, দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
অনুষ্ঠানে মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।