প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬
সময়: ০৯:০৩ পিএম
সোনারগাঁয়ে অটোরিকশাচালকের মৃত্যু ঘিরে রহস্য, স্ত্রী-শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পারিবারিক কলহের জেরে আবু জুম্মান (২৮) নামে এক অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্ত্রী, শ্বশুর ও শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধে নির্যাতন করে হত্যার অভিযোগ এনে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
নিহতের মা সেলিনা বেগম বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় লিটন মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রেমের সম্পর্কের পর আবু জুম্মান আফসানাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। নিহতের পরিবারের দাবি, এ সময় স্ত্রী আফসানা, তার বাবা নুর হোসেন এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা প্রায়ই আবু জুম্মানকে হুমকি ও মানসিক নির্যাতন করতেন।
নিহতের মা সেলিনা বেগম অভিযোগ করেন, ঘটনার দিন সন্ধ্যায় তার ছেলেকে নির্যাতন করে হত্যার পর মরদেহ ঘরের ভেতরে ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করা হয়। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হলে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।