উৎপাদন বাড়াতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়: এমপি রবিউল বাশার

মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে PARTNER প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

তিনি বলেন, উৎপাদন বৃদ্ধি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। মানবিকতা, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং প্রকৃত কৃষকের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে। লবণাক্ত এলাকায় কৃষির উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন জানান, পার্টনার প্রকল্পের মাধ্যমে উপজেলার ১২টি ইউনিয়নের ১ হাজার ৭৫৯ জন কৃষককে স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি, সবজি ও ফল উৎপাদন এবং লবণাক্ত জমিতে ধান চাষে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষি উদ্যোক্তা ও উপজেলার ১২টি ইউনিয়নের কৃষক-কৃষাণীরা অংশ নেন। শেষে কৃষি উন্নয়নে অবদান রাখা ব্যক্তি ও কৃষকদের সম্মাননা প্রদান এবং প্রধান অতিথির হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।