প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬
সময়: ০৫:০০ পিএম
ভোরের অভিযানে গজনীর বনে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার
তৌহিদুর রহমান, ঝিনাইগাতী প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শনিবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ চৌরাস্তা থেকে তাওয়াকুচাগামী পাকা সড়কের পাশে বনের ভেতর থেকে এসব মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কাংশা ইউনিয়নের গজনী অবকাশ চৌরাস্তা থেকে তাওয়াকুচাগামী সড়কের পাশে বনের ভেতর অভিযান চালায় ঝিনাইগাতী থানা পুলিশ। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পরে পুলিশ সেগুলো জব্দ করে।
পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পেয়ে মদ বহনকারীরা সেগুলো বনের ভেতর ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, উদ্ধার করা ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।