প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬
সময়: ১০:৫৭ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে অটোরিকশা-ইজিবাইক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
শাবুদ্দিন, স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রামমুখী এ মহাসড়কের চিটাগাং রোড, মৌচাক, সানারপাড়, সাইনবোর্ড, মাদানীনগর, মাউথাইল ও মেডিকেল এলাকাসহ বিস্তীর্ণ অংশে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। ব্যস্ততম এই সড়কে নিয়ম না মেনে অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ধীরগতির যানবাহন চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, অনেক অটোরিকশা ও ইজিবাইক চালক মহাসড়কে যানবাহন চালানোর উপযুক্ত অভিজ্ঞতা বা প্রশিক্ষণ ছাড়াই ব্যস্ত সড়কে চলাচল করছেন। বিশেষ করে উল্টো পথে প্রবেশ, হঠাৎ এক লেন থেকে অন্য লেনে চলে আসা এবং দ্রুতগতির যানবাহনের সামনে আকস্মিকভাবে দিক পরিবর্তনের কারণে প্রায়ই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে কয়েকজন মহাসড়কচালকের সঙ্গে কথা বললে তারা জানান, অটোরিকশা বা ইজিবাইক নির্ধারিত লেনে ও নিয়ম মেনে চললে তেমন সমস্যা হয় না। কিন্তু হঠাৎ ডান দিক থেকে বাম দিকে চলে আসা কিংবা উল্টো পথে সামনে চলে এলে দ্রুতগতির বাস বা অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় আকস্মিক ব্রেক করেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় না। এতে চালক ও যাত্রীরা আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটছে। দুর্ঘটনার পর অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণের চাপও পড়ছে বাসচালকদের ওপর।
সচেতন মহল ও পরিবহনসংশ্লিষ্টরা মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইকের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।