প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬
সময়: ১১:০১ এএম
লঞ্চের ডেকে বরিশালের পথে মার্কিন রাষ্ট্রদূত নৌপথের সৌন্দর্যে মুগ্ধ ক্রিস্টেনসেন, আজ যাবেন ঝালকাঠির ভীমরুলির পেয়ারা বাগান ও ভাসমান হাটে
আবু জাফর বিশ্বাস, বরিশালঃ
লঞ্চের ডেকে বসে বরিশালের পথে পাড়ি জমিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। নৌপথে দক্ষিণাঞ্চল ভ্রমণের সময় বরিশালের নদী ও জলপথের সৌন্দর্য উপভোগ করেন তিনি।
রোববার (৯ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে রাষ্ট্রদূতের বরিশাল সফরের কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে তাঁকে লঞ্চের ডেকে বসে যাত্রীদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। এ সময় স্থানীয় মানুষের সঙ্গে তাঁকে বেশ স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল ভঙ্গিতে কথা বলতে দেখা যায়।
ছবির ক্যাপশনে মার্কিন রাষ্ট্রদূত লিখেছেন, ‘নৌকা দিয়ে মনোরম জলপথের দেশ পরিদর্শন। বরিশালে এসে দারুণ লাগছে!’
সফরকালে রাষ্ট্রদূত বরিশালের বিভিন্ন ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন বলে জানা গেছে। এর পাশাপাশি তাঁর ঝালকাঠির ভীমরুলি পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা হাট পরিদর্শনের কথা রয়েছে।
ভীমরুলিতে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে কথা
রাষ্ট্রদূতের ভীমরুলি সফরে পেয়ারা বাগান ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার কথা রয়েছে। তিনি পেয়ারা চাষ, উৎপাদন ও স্থানীয়ভাবে কৃষিপণ্য বাজারজাতকরণের বিষয়ে খোঁজ নেবেন বলে জানা গেছে।
বর্ষা মৌসুমে ভীমরুলির ভাসমান পেয়ারা হাট জমে ওঠে। খাল-বিল ও নদীপথে নৌকায় করে পেয়ারা এনে এই হাটে বিক্রি করেন স্থানীয় চাষিরা। ব্যতিক্রমী এ হাট দেখতে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটক ও দর্শনার্থীরা আসেন।
২০১৯ সালেও এসেছিলেন মার্কিন রাষ্ট্রদূত
এর আগে ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ভীমরুলির ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছিলেন। নৌকায় করে হাট ঘুরে দেখার পাশাপাশি তিনি স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
এবার ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের ভীমরুলি সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। তাঁর এ সফরের মধ্য দিয়ে বরিশাল ও ঝালকাঠির নৌপথ, কৃষি, পেয়ারা চাষ এবং গ্রামীণ ঐতিহ্য আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।