প্রকাশ : ১০ আগস্ট ২০২৬
সময়: ০৫:১৭ পিএম
বরিশাল বোর্ডে পাসের হার বাড়ল, কমল জিপিএ–৫ পাস ৬০.৩৫ শতাংশ, জিপিএ–৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন
আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ
এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার বেড়েছে ৩ দশমিক ৯৭ শতাংশীয় পয়েন্ট।
তবে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এবার বরিশাল শিক্ষা বোর্ডে জিপিএ–৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী।
আজ সোমবার বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস সালাম।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৮০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৩৭ হাজার ৫৪৫ জন এবং ছাত্রী ৪২ হাজার ৯১৩ জন।
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৪৮ হাজার ৫৫৫ জন। এর মধ্যে ছাত্র ১৯ হাজার ৯৫৫ জন এবং ছাত্রী ২৮ হাজার ৬০০ জন।
ফলাফলে এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণের সংখ্যাতেও মেয়েরা ছিল বেশি। উত্তীর্ণ শিক্ষার্থীদের হিসাবেও মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা।
বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ–৫ঃ
গত বছরের তুলনায় এবার বরিশাল বোর্ডে পাসের হার প্রায় চার শতাংশীয় পয়েন্ট বেড়েছে। কিন্তু একই সঙ্গে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। ফলে সার্বিক পাসের হার বাড়লেও সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়টি ফলাফলের অন্যতম আলোচিত দিক হয়ে উঠেছে।
বোর্ডের ফলাফলের পূর্ণাঙ্গ পরিসংখ্যানে ছয় জেলার পাসের হার, জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এবং প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলের বিস্তারিত চিত্র পাওয়া যাবে।