কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
'ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার সামনে বিষপান করে আত্মহত্যা করেছেন এক প্রেমিক'।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা ভবনের সামনে এই ঘটনা ঘটে।
নিহত প্রেমিক রাজন মিয়া কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কাজলধারা গ্রামের শাহা আলমের ছেলে। সে কুলাউড়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা ভবনের সামনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার পর এক ছেলে ও মেয়েকে দীর্ঘসময় গল্প করতে দেখা যায়। সন্ধ্যায় হঠাৎ ওই ছেলে মেয়েটির সামনেই বিষপান করে। এসময় আশপাশের পথচারী ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফয়ছল জামান বলেন, হাসপাতালে বিষপান করে মারা যাওয়া এক যুবকের মরদেহ আসে। মরদেহটির ময়নাতদন্ত করা হয়েছে।
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ বলেন, অনার্স প্রথম বর্ষের পরীক্ষার পর এ ঘটনাটি ঘটেছে। এটা খুবই দুঃখজনক।
মৌলভীবাজার মডেল থানার ওসি (অপারেশন) মশিউর রহমান বলেন, মৌলভীবাজার সরকারি কলেজে বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।