প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬
সময়: ০৭:১৪ পিএম
কাউনিয়ায় কেওয়াইএসডিওর নির্বাহী পরিষদে পরিবর্তন, নতুন দায়িত্বে তিনজন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
পেশাগত ব্যস্ততার কারণে কাউনিয়া ইউথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেওয়াইএসডিও)-এর নির্বাহী পরিষদের তিন সদস্য তাঁদের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। তাঁদের পরিবর্তে নতুন তিনজনকে নির্বাহী পরিষদে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে সম্প্রতি কেওয়াইএসডিও-এর কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ মোজাম্মেল হক-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সোহেল রানা-এর পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় পেশাগত কারণে সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ সামসুল আলম, সহকারী শিক্ষক, চান্দঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়; ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস, সহকারী অধ্যাপক, কাউনিয়া মহিলা ডিগ্রি কলেজ; এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, সহকারী অধ্যাপক, তিস্তা ডিগ্রি কলেজ—তাঁদের নিজ নিজ পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণের বিষয়টি অনুমোদন করা হয়।
পরবর্তীতে সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা ও গতিশীলতা বজায় রাখতে শূন্য পদগুলোতে সর্বসম্মতিক্রমে নতুন দায়িত্বপ্রাপ্তদের নির্বাচন করা হয়। এতে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মোঃ ইদ্রিস আলী-কে সিনিয়র ভাইস চেয়ারম্যান, আমেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম -কে ভাইস চেয়ারম্যান এবং মোঃ রাকিবুল ইসলাম-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সভায় নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্তদের সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও গঠনতন্ত্র অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে অব্যাহতি নেওয়া সদস্যদের সংগঠনের প্রতি তাঁদের অবদান ও সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভায় কেওয়াইএসডিও-এর চলমান শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাহী পরিষদের এ পরিবর্তন অনুমোদিত হয়।