প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬
সময়: ০৭:৩১ পিএম
মানবিক ও শিক্ষাক্ষেত্রে সামগ্রিক উন্নয়ন চান ডেপুটি স্পিকার
আশিকুর রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার :
শুধু দালানকোঠা নির্মাণ নয়, শিক্ষা ও মানবিক উন্নয়নের মাধ্যমে এলাকার সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করতে চান নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের এমপি ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (২৩ আগস্ট) দুপুরে দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডেপুটি স্পিকার বলেন, উন্নয়ন বলতে শুধু ইট-পাথরের অট্টালিকা নির্মাণকে বোঝেন না তিনি। এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার্থীদের মানবিক গুণাবলিতে গড়ে তোলাকেই বেশি গুরুত্ব দিতে চান।
তিনি শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা ও নৈতিকতার শিক্ষা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের এ বিষয়ে আগ্রহী হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে এবতেদায়ী পঞ্চম শ্রেণি, অষ্টম শ্রেণি/সমমান জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজাসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকরা।