প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬
সময়: ১১:৪৯ এএম
মুকসুদপুরে ভোটের হাওয়ায় চমক নিয়ে আসছেন সর্বকনিষ্ঠ মেয়র প্রার্থী ওহিদুল
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও ভোটারদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ঐতিহ্যবাহী এই পৌরসভার নির্বাচনী ময়দানে একাধিক অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদের পাশাপাশি নজর কেড়েছেন তরুণ রাজনৈতিক নেতৃত্ব, সমাজকর্মী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ওহিদুল ইসলাম।
আগামী পৌরসভা নির্বাচনে সর্বকনিষ্ঠ মেয়র প্রার্থী হিসেবে তার এই প্রার্থিতা স্থানীয় তরুণ সমাজসহ সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলের মধ্যে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুকসুদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড, কমলাপুর গ্রামের বাসিন্দা আব্দুস সালাম এর জোষ্ঠ্যপুত্র ওহিদুল ইসলাম, আগামী পৌরসভা নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণার শুরু থেকেই ওহিদুল ইসলাম সুনির্দিষ্ট কিছু আধুনিক ও জনকল্যাণমুখী ভাবনার কথা তুলে ধরছেন। নাগরিক সুবিধা বৃদ্ধি, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, তরুণদের জন্য কর্মসংস্থান ও কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি এবং পৌরসভাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। প্রবীণদের অভিজ্ঞতার সঙ্গে তরুণদের উদ্ভাবনী শক্তির সমন্বয়ে মুকসুদপুরকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করাই তার নির্বাচনী মূল এজেন্ডা।
স্থানীয় সাধারণ ভোটারদের একাংশ জানান, রাজনীতির চিরচেনা হিসাব-নিকাশের বাইরে গিয়ে একজন তরুণ প্রার্থীর এই পদক্ষেপকে তারা ইতিবাচক হিসেবেই দেখছেন। বিশেষ করে প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণ ভোটারদের বড় একটি অংশ ওহিদুল ইসলামের এই সাহসী উদ্যোগ ও দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছেন। তবে অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বদের বিপরীতে শেষ পর্যন্ত ভোটের মাঠে এই তরুণ প্রার্থী কতটা শক্ত অবস্থান তৈরি করতে পারেন, তা দেখতে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।