৬ হাজার কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই হবে কার্যকর

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে মন্ত্রণালয়। নির্বাচনের তফসিল ও তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। ইসির সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।

এদিকে বৈঠকে পানি সরবরাহ খাতে ডেনমার্কের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডেনমার্ক সহযোগিতা করবে। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ফেজের কাজ শেষ করতে দেশটি সহায়তা দেবে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান এবং বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার। এতে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ পড়বে না বলে জানান তিনি।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। এর ফলে রাজধানীর ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রকল্পটি।