প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬
সময়: ০৪:০৮ পিএম
ঈদে মিলাদুন্নবী: জশনে জুলুসে রাজধানীতে জনস্রোত
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ। বুধবার (২৬ আগস্ট) আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা ১১টার কিছু পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে জশনে জুলুস বের হয়। শোভাযাত্রাটি দোয়েল চত্বর ও হাই কোর্ট মোড় হয়ে আবার সোহরাওয়ার্দী উদ্যানে ফিরে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে জুলুস শেষ হয়।
জুলুসে নেতৃত্ব দেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশ-বিদেশের ওলামা, শিক্ষাবিদ, ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে অংশ নেন।
জুলুসকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। আয়োজকদের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য দায়িত্ব পালন করেন।
জুলুসের আগে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন। জুলুস শেষে একই স্থানে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ। এতে সভাপতিত্ব করেন সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি।
জশনে জুলুস ও শান্তি সমাবেশ উপলক্ষে ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাইজভান্ডার দরবার শরীফের ভক্তরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন। সকাল ৯টার মধ্যেই অনুষ্ঠানস্থলে মানুষের ঢল নামে।
অনুষ্ঠানস্থলের দক্ষিণ পাশে নারী ও পুরুষদের জন্য পৃথক দুটি প্যান্ডেল তৈরি করা হয়। সেখানে স্থাপন করা হয় ডিজিটাল স্ক্রিন। তবে সকালে এক পশলা বৃষ্টির কারণে অনুষ্ঠানস্থলে কাদা ও পানি জমে কিছুটা দুর্ভোগের সৃষ্টি হয়।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো আব্দুল গনি রোডসহ আশপাশের এলাকায় রাখা হয়। বিপুল মানুষের উপস্থিতিতে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত কর্মসূচি শেষ হয়।