মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়াকে দেশের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জাতীয় স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তা নিয়ে অন্য কারও অস্বস্তিতে ভোগার কারণ নেই।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও অস্বস্তি বোধ করার প্রয়োজন নেই।

সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিতে পারে—এমন আলোচনা চলছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে পক্ষে-বিপক্ষে মতামতও দেখা দিয়েছে।

গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি দেশ সামরিক হামলার শিকার হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে চলতি বছরের ১৯ মার্চ সৌদি আরবের রিয়াদে একটি ইসলামি সম্মেলনের সময় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। ওই বৈঠকে তিন দেশের মধ্যে একটি যৌথ নিরাপত্তা চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রায় এক বছর আলোচনার পর মক্কায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তির মূল লক্ষ্য হলো, জোটভুক্ত কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলো সহযোগিতায় এগিয়ে আসা। এর মাধ্যমে তিন দেশের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা সমন্বিতভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের কথা সম্প্রতি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, বাংলাদেশ এ চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে এবং বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে।

বিশ্লেষকদের মতে, এই জোটে বাংলাদেশ যুক্ত হলে দেশের সামনে নতুন অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি সামরিক ও কৌশলগত নিরাপত্তা সহযোগিতা জোরদারের সুযোগ তৈরি হতে পারে।

সূত্র: সংগৃহীত