আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, প্রাণ গেল ১২ জনের আহত ৫৪

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৪ জন। আগুনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার কয়েক ডজন পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

গত বুধবার (২৬ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ এ তথ্য জানান। তিনি বলেন, জিজেল প্রদেশে পাঁচজন, বেজাইয়া প্রদেশে চারজন এবং তিজি ওজু প্রদেশে তিনজন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।


দাবানলে আহতদের মধ্যে ৫৪ জনকে বেজাইয়া প্রদেশের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সায়ুদ জানান, বুধবার দেশটির সিভিল প্রোটেকশন দলগুলো মোট ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করেছে। এর মধ্যে শুধু বেজাইয়া প্রদেশেই ৩৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৮টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


দেশটির স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি ওজু এবং তেবেসা প্রদেশের আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বেজাইয়া প্রদেশের ১৮টি এলাকায় এখনও আগুন জ্বলছে। পাশাপাশি জিজেল প্রদেশের ১২টি পৌরসভায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা।

আগুন থেকে রক্ষা পেতে অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে বাসিন্দারা একটি পোস্ট অফিসে আশ্রয় নিয়েছেন।


এদিকে আলজেরিয়া ও প্রতিবেশী তিউনিসিয়ায় বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে। প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে এ অঞ্চলে দাবানলের ঝুঁকি বেড়েছে।

আলজেরিয়ায় প্রতিবছর গ্রীষ্মকালে বড় ধরনের দাবানলের ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে তীব্র তাপমাত্রা, দীর্ঘস্থায়ী খরা এবং প্রবল বাতাসের কারণে এসব দাবানল আরও ভয়াবহ হয়ে উঠছে।


সূত্র: আল জাজিরা