প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬
সময়: ০৬:২৭ পিএম
ট্রাইব্যুনালে দীপু মনি: জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নিজের জামিন আবেদন প্রত্যাহার করতে চান কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়। এদিন তার জামিন শুনানির দিন ধার্য ছিল।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে জামিন শুনানি শুরুর আগে কথা বলার অনুমতি চান দীপু মনি। অনুমতি পেয়ে কাঠগড়ায় থাকা মাইক্রোফোনে তিনি বলেন, তিনি জামিন চান না এবং তার জামিন আবেদনটি প্রত্যাহার করতে চান।
দীপু মনি বলেন, ‘আমি দুই বছর ধরে কারাগারে আছি। গত এপ্রিল মাসে আমার জামিন আবেদন করা হয়েছে। এতদিন শুনানি হয়নি। এখন আমি জামিন চাই না। জামিন আবেদন প্রত্যাহার করতে চাই।’
তিনি আরও বলেন, ‘এর আগে জামিন আবেদন শুনানির সময় ট্রাইব্যুনাল বলেছিলেন, বাসায় গিয়ে কী করবেন? এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই।’
নিজের স্বামীর শারীরিক অসুস্থতা ও মৃত্যুর কথা তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেন, তার স্বামী ড. তৌফীক নাওয়াজ সাত বছর শয্যাশায়ী ছিলেন। তার বাকশক্তিও ছিল না। কথা বললে তিনি চোখের পলক ফেলে উত্তর দিতেন।
দীপু মনি বলেন, পাঁচ বছর সরকারি দায়িত্ব পালনের সময় তিনি শয্যাশায়ী স্বামীর যত্ন নিয়েছেন। কিন্তু পরবর্তী সময়ে তাকে বাড়ি ছেড়ে দুই বছর অজ্ঞাত স্থানে আশ্রিত অবস্থায় থাকতে হয়েছে। এ কারণে স্বামীর পাশে থাকতে পারেননি এবং তার যত্নও নিতে পারেননি।
তিনি বলেন, ‘এই জীবন তিনি মেনে নিতে পারেননি। তিনি চলেই গেছেন।’
দীপু মনি জানান, গত ১৮ আগস্ট রাতে তার স্বামী তৌফীক নাওয়াজ মারা যান। এর আগে গত ২৬ এপ্রিল তার আইনজীবী জামিন আবেদন করেছিলেন। স্বামীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন স্বামীর কাছে থাকার জন্য জামিন আবেদন করেছিলেন বলে আদালতকে জানান তিনি।
দীপু মনি বলেন, ‘৩৯ বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে কাছে থাকতে পারিনি। এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে। আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়। আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই।’
তার বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা খুবই ব্যথিত। আপনার আবেদনের যৌক্তিকতা আছে। কিন্তু আমাদের আরও অনেক বিষয় বিবেচনায় নিতে হয়।’
পরে ট্রাইব্যুনাল দীপু মনির জামিন শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।