প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৬:১৩ পিএম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু খুলে দেওয়া হলো
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার সকালে সেতু দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পরই সেতু দুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
দুই লেনবিশিষ্ট প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৩ দশমিক ৭১ কিলোমিটার। তুরাগ নদের পানিপ্রবাহ স্বাভাবিক রাখার পাশাপাশি যান চলাচল নির্বিঘ্ন করতে সেতু দুটি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যানজটমুক্ত যোগাযোগ নিশ্চিত করবে।
তিনি বলেন, ঢাকার চারপাশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগব্যবস্থায় নগরের অ্যাট-গ্রেড সড়ক ব্যবহার না করেই এলিভেটেড ওয়ের মাধ্যমে পারাপারের সুযোগ তৈরি হবে।
মন্ত্রী আরও বলেন, তার জানা ও দেখা মতে, বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ। একসময় প্রকল্পটি স্থবির হয়ে পড়েছিল এবং এর বাস্তবায়ন প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। সেখান থেকে প্রকল্পটি কার্যকর করতে প্রয়োজনীয় বরাদ্দ ও উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।
প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মন্ত্রী বলেন, প্রকল্পের প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। সাড়ে তিন বছর প্রকল্পের সময় বাড়ানো হয়েছে। মান বজায় রেখে দ্রুততম সময়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। গত ছয় মাসে যে পরিমাণ কাজ সম্পন্ন করার লক্ষ্য ছিল, বাস্তবে তার চেয়েও বেশি কাজ হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, সিএমসি প্রেসিডেন্ট কিউ আই ইয়ি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ বক্তব্য দেন।