কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মায়ের অসুস্থতার কথা বলে আত্মীয়ের বাড়ি থেকে অপহরণ করে সিলেটের একটি হোটেলে নিয়ে ৪ দিন আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণ করেছে তিন সন্তানের জনক বলাই মিয়া।
ধর্ষক বলাই মিয়া বড়লেখা উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের মৃত সুরমান মিয়ার ছেলে।
ধর্ষিতা (কিশোরী) ও মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত বলাই মিয়া (৪৫) ও ধর্ষিতার বাবা একসাথে দিনমজুরের কাজ করেন। পূর্ব-পরিচিত হওয়ায় বলাই প্রায়ই ধর্ষিতার বাড়িতে যাতায়াত করতো। গত ১০ অক্টোবর ধর্ষিতা পার্শ্ববর্তী মাইজ জুড়ী গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায়। দুদিন পর ১২ অক্টোবর সন্ধ্যায় লম্পট বলাই মিয়া একটি অটোরিকশা নিয়ে মামার বাড়িতে গিয়ে মায়ের অসুস্থতার কথা বলে কৌশলে কিশোরীকে অপহরণ করে সিলেটে নিয়ে যায়। সেখানে একটি হোটেলে ৪ দিন আটকে রেখে তাকে অনবরত ধর্ষণ করে বলাই মিয়া। এরপর ১৬ অক্টোবর রাতে বড়লেখা বাসস্ট্যান্ডের পাশে কিশোরীকে ফেলে চলে যায়।
সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ার পর ধর্ষিতার ভাই বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাতে ধর্ষক বলাই মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান শনিবার (০৫ নভেম্বর) জানান, চিকিৎসাজনিত কারণে ভিকটিমের বয়ান নিতে বিলম্ব হয়। মামলা রুজুর পরই পুলিশ আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।