প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৮:৩৬ পিএম
সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার
মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা), প্রতিনিধি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি রোববার সন্ধ্যায় নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জানান, মরদেহ তখনও ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম আসছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মরিয়ম খাতুনকে নিয়ে এর আগে চলতি বছরের জুলাইয়ে ব্যাপক আলোচনা হয়। সে সময় গাজী নজরুল ইসলাম প্রকাশ্যে তাঁকে তাঁর দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন এবং জানান, ১৭ জুন পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়।
মরদেহ উদ্ধারের ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষা ও পুলিশের তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।