আহসান হাবীব রানা, ইবি।
বাঙালি বিয়ের যে কয়টি পর্ব পালিত হয় তাঁর মধ্যে অন্যতম বর্ণিল ও বর্ণাঢ্য পর্বটিই হচ্ছে গায়ে হলুদ। গায়ে হলুদ আয়োজন ঘিরে থাকে নানান পরিকল্পনা ও উচ্ছ্বাস! সাধারণত আগের দিনে বাড়ির উঠোন কিংবা ছাদেই সেরে ফেলা হতো গায়ে হলুদের অনুষ্ঠান। তবে সম্প্রতি গায়ে হলুদের আয়োজনে দেখা গিয়েছি নতুন এক ব্যতিক্রম।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের গায়ে হলুদের আয়োজন হয়েছে তাদের ক্যাম্পাসেই। এমনই এক ভিন্নধর্মী গায়ে হলুদের স্বাক্ষী হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার।
সোমবার(৭ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এর সামনে একদল তরুণ-তরুণীর হলদে শাড়ি-পাঞ্জাবিতে চোখ আটকে যাচ্ছে পথচারীদের। সবাই একটু-আধটু উঁকি দিয়ে দেখছে, কি হয়! বাঁশের ডালা, কুলা, চালুন ও মাটির সরা, ঘড়া, মটকা দিয়ে বিয়ের বাড়ির আমেজ তৈরির মধ্য দিয়ে ইবির এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রানিমের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে।
হলুদের এ আয়োজন বরের পরিবারের লোকজন কেউ করেননি। বিয়ের অনুষ্ঠানে সব বন্ধুরা উপস্থিত থাকতে পারবে না বলেই ক্যাম্পাস এমন ভিন্নধর্মী এ গায়ে হলুদের আয়োজন করে তাদের সহপাঠীরা।
চিরাচরিত গায়ে হলুদের নিয়মের মতই হলুদ, মেন্দি মাখিয়ে সম্পূর্ণ করা হয়েছে সকল আনুষ্ঠিনকতা। হলুদে তাদের বন্ধুরা সহ অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ব্যতিক্রমী এ আয়োজনের খবরে ক্যাম্পাসে উৎসব মুখর পরিস্থিতি বিরাজমান।
ভিন্নধর্মী আয়োজন সম্পর্কে বর রানিমের কাছে অনুভূতি জানতে চাইলে তিনি উচ্ছ্বসিত কন্ঠে জানান ‘বিয়েতে সবার পক্ষে আমাদের বাড়িতে যাওয়া সম্ভব না তাই বন্ধুরা সবাই মিলে মজা করার জন্য ক্যাম্পাসে এই হলুদের ব্যতিক্রমী আয়োজন। আমার সব বন্ধু-বান্ধবীরা মিলে এই আয়োজন করেছে, এই আয়োজনে আমাদের বিভাগের সকল সিনিয়র এবং জুনিয়ররা সহযোগিতা করেছেন, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা।