ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করতে হবে দ্বিপক্ষীয় সফর পর্যন্ত : হুমায়ুন কবির

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাদা কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সফরে ট্রাম্পের সঙ্গে তাঁর আলাদা বৈঠকের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা জানান।

হুমায়ুন কবির বলেন, ‘এটি দ্বিপক্ষীয় সফর নয়, বহুপক্ষীয় সফর। এর মূল উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়া। দ্বিপক্ষীয় সফরের সুযোগ যখন হবে, তখন আলোচনার মাধ্যমে বিষয়গুলো এগিয়ে নেওয়া হবে।’


তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন এবং বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে সেটি দ্বিপক্ষীয় বৈঠক হিসেবে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ওই বিষয়টি পরবর্তী সময়ে দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে, উপযুক্ত সময়ে এবং দুই পক্ষের সুবিধা অনুযায়ী বিবেচনা করা হবে। এই সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়া। তাই জাতিসংঘের কার্যক্রমের বাইরে অন্য কোনো বিষয়ে দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার তেমন সুযোগ এখানে নেই।’


প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সফরের সাইডলাইনে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তাঁর একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে।