নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে যা বললেন মার্কিন সিনেটর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘মিথ্যাবাদী’ বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় সংঘটিত কর্মকাণ্ড এবং পশ্চিম তীরে মার্কিন নাগরিকদের মৃত্যুর ঘটনায় জবাবদিহি নিশ্চিত না করার অভিযোগ তোলেন তিনি।


ভিডিও বার্তায় ভ্যান হোলেন বলেন, নেতানিয়াহু ‘একের পর এক মিথ্যা’ বলে যাচ্ছেন। এরপর আরও গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, নেতানিয়াহু একজন ‘পলাতক যুদ্ধাপরাধী’। গাজায় সংঘটিত অপরাধ ও অঞ্চলটি ধ্বংসের ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও উল্লেখ করেন এই মার্কিন সিনেটর।


নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রসঙ্গও টানেন ভ্যান হোলেন। ২০২৪ সালের নভেম্বরে আইসিসি নেতানিয়াহু ও তৎকালীন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে ইসরায়েল আইসিসির এখতিয়ার ও অভিযোগ প্রত্যাখ্যান করেছে।


পশ্চিম তীরে সহিংসতায় মার্কিন নাগরিকদের মৃত্যুর ঘটনাতেও নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ভ্যান হোলেন। তার অভিযোগ, ইসরায়েলি বসতি স্থাপনকারী বা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত মার্কিন নাগরিকদের ঘটনায় জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে নেতানিয়াহু কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না।


ভ্যান হোলেন আরও বলেন, যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে দেশে প্রবেশের সুযোগ দেওয়ায় তিনি ‘ভাগ্যবান’। তবে এতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মুছে যায় না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে নেতানিয়াহু নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সমালোচনা করে একটি ভিডিও প্রকাশ করেন। জাতিসংঘ সাধারণ পরিষদে নিজের আসন্ন বক্তব্যে মামদানি ও ইসরায়েলবিরোধী সমালোচনার জবাব দেওয়ার কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।


এদিকে পশ্চিম তীরে সহিংসতা এবং মার্কিন নাগরিকদের মৃত্যুর ঘটনা নিয়ে ভ্যান হোলেনসহ কয়েকজন মার্কিন সিনেটর গত আগস্টে একটি প্রস্তাব আনার উদ্যোগের কথা জানিয়েছিলেন। এতে এসব ঘটনার তদন্ত ও জবাবদিহি বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে প্রতিবেদন চাওয়ার কথা বলা হয়।