মালয়েশিয়ার শ্রমবাজারে ৩১২ এজেন্সির সমান সুযোগের দাবি

মালয়েশিয়া জনশক্তি রপ্তানিতে  ২৫ টি এজেন্সিকে সুযোগ দানের  পাশাপাশি  ৩১২ এজেন্সিকেও সমান সুযোগের দাবি নিয়ে মতবিনিময় সভা করেছে FWCMS অন্তর্ভুক্ত ৩১২টি এজেন্সি ঐক্য ফোরাম। ২৩শে সেপ্টম্বর বুধবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের সাংগ্রিলা ইন রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুধুমাত্র ২৫টি এজেন্সিকে কাজের সুযোগ দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট এজেন্সির প্রতিনিধিরা।

সভায় ছয় দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—সব এজেন্সিকে স্বতন্ত্র User ID ও Password প্রদান, ২৫টি এজেন্সির মধ্যে কাজ সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত বাতিল, দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার সবার জন্য উন্মুক্ত করা এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে ব্যবসার সুযোগ নিশ্চিত করা।

এছাড়া মেডিকেল, BMET, ক্লিয়ারেন্স, ডিমান্ড লেটার ও সত্যায়নসহ নিয়োগ প্রক্রিয়ায় সকল এজেন্সির সরাসরি অংশগ্রহণ এবং ৩১২টি এজেন্সির জন্য স্থায়ী ও টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামোর দাবি জানানো হয়।

বক্তারা বলেন, সবাই সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সি। তাই কোনো শ্রেণীবিভাগ নয়, সবার জন্য সমান সুযোগ ও সমান অধিকার নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সেন্ট্রাল ওভারসিজ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল বাশার।  যৌথভাবে সঞ্চালনায় ছিলেন সাহির ওভারসিজ বিডি এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাসলিমুজ্জামান শাহিন এবং সংগঠনের যুগ্ম সম্পাদক মোঃ হাফিজুর রহমান ও ফরহাদ হোসেন |