বিদেশে পড়াশোনা শেষে দেশের উন্নয়নে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর শিক্ষার্থীদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বাংলাদেশকে এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে বিদেশে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের কাজে লাগাতে হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ঢাকা-চায়না ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্যে দেশের বাইরে যাওয়া অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ করে আর দেশে ফেরেন না। বাংলাদেশের শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করতে এসব মেধাবী তরুণের অবদান প্রয়োজন। তাই বিদেশে শিক্ষা গ্রহণের পর তাদের দেশে ফিরে আসা উচিত।
তিনি বলেন, কারিগরি শিক্ষায় চীনের অগ্রগতি বিশ্বের জন্য অনুসরণীয়। এ খাতে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে চীন। দুই দেশের মধ্যে শিক্ষা ও জ্ঞান বিনিময়ের ফলে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও ক্রমেই বিস্তৃত হচ্ছে।
আ ন ম এহছানুল হক মিলন আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশ ও চীনের শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার হবে। বিশেষ করে কারিগরি শিক্ষা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দুই দেশই উপকৃত হবে।
এ সময় চীনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান শিক্ষামন্ত্রী।