সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি, প্রাণ গেল নারীর; নিখোঁজ একই পরিবারের ৪

এস এম মিঠু, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে অংশ নিতে যাওয়ার পথে ১৪ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের বাবা, দুই ছেলে ও এক মেয়েসহ চারজন এখনো নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনায় আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানাসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। রায়েশা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্ত।

নিখোঁজ ব্যক্তিরা হলেন—হেলাল উদ্দিন (৫৫), তার ছেলে সজীব (২৪) ও সামিন (৫) এবং মেয়ে সামিয়া (১৭)।

এদিকে একই পরিবারের শিরিন বেগম (৪৫) ও তার আরেক মেয়ে লামিয়া আক্তারকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত কয়েকজনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার ও শিশিরের বিয়েতে অংশ নিতে হোমনা থেকে স্বজনেরা একটি ট্রলারে করে সোনারগাঁয়ের হারিয়া এলাকায় যাচ্ছিলেন। মেঘনা নদী পার হওয়ার সময় হঠাৎ ট্রলারটি ডুবে গেলে ১৪ যাত্রী পানিতে পড়ে যান।

পরে স্থানীয়রা অন্য একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে উদ্ধার করেন। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেন।
সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, “আনুমানিক দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তবে আমরা খবর পাই বিকেল ৪টা ৫০ মিনিটে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলছে।”