এশিয়ান গেমসে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ মালয়েশিয়া
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। শেষ আটের লড়াইয়ে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে মঙ্গলবার মাঠে নামবে দুই দল। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। অন্য দলগুলোকে গ্রুপ পর্ব পেরিয়ে শেষ আটে উঠতে হয়েছে।
বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হওয়ার কথা ছিল ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। শেষ পর্যন্ত সেই জায়গা নিশ্চিত করেছে মালয়েশিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি শুরুই করা সম্ভব হয়নি। পরে ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে।
দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে মালয়েশিয়া। দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে হংকং। এক পয়েন্ট পাওয়া ওমানকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নেপাল ও আফগানিস্তান। নেপাল ও জাপানের মধ্যকার ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে স্বাগতিক জাপানের বিদায় নিশ্চিত হয়।
কোয়ার্টার ফাইনালের সূচি অনুযায়ী বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের পাশাপাশি ভারত খেলবে আফগানিস্তানের বিপক্ষে। পাকিস্তানের প্রতিপক্ষ হংকং এবং শ্রীলঙ্কা খেলবে নেপালের বিপক্ষে। আগামী সোমবার শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। বাংলাদেশ সময় সকাল ৬টায় পাকিস্তান-হংকং ম্যাচ দিয়ে দিনের খেলা শুরু হবে। বেলা ১১টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত।
মঙ্গলবার সকাল ৬টায় মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা। একই দিন বেলা ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলবে বাংলাদেশ।