মনোয়ার হাউজিং- এ রাজউকের অভিযান, চার ভবনের অতিরিক্ত অংশ অপসারণ

তাসলিমা তমা :

রাজধানীর পল্লবীর বাউনিয়া-পল্লবী-আলাদিরটেকএলাকার মনোয়ারা হাউজিং- এ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার পরিচালিত এ অভিযানে রাজউকের অনুমোদিত নকশা ও নিয়মকানুন না মেনে নির্মাণ করা চারটি ভবনের অতিরিক্ত অংশ অপসারণ  করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান। রাজউক উত্তরা অফিসের জোন-১-এর আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মনোরা হাউজিংয়ের গেটসংলগ্ন এলাকায় নির্মিত একটি মার্কেটের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় অবৈধ বা নিয়মবহির্ভূত বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ডেসকোর ১১টি বিদ্যুৎ মিটার খুলে নেওয়া হয়।

রাজউক কর্মকর্তারা জানান, অনুমোদিত নকশা ও প্রচলিত বিধিবিধান অমান্য করে নির্মাণকাজ পরিচালনা করলে সংশ্লিষ্ট ভবন ও স্থাপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগরীতে নকশাবহির্ভূত নির্মাণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবারের অভিযানে রাজউকের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।